ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ জোরদারের লক্ষ্যে চবি উপাচার্যের কেইপিজেড পরিদর্শন

ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ জোরদারের লক্ষ্যে চবি উপাচার্যের কেইপিজেড পরিদর্শন

ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ জোরদার, যৌথ গবেষণা এবং অ্যাকাডেমিক এক্সচেঞ্জ বৃদ্ধির লক্ষ্যে শনিবার (১৮ জুলাই ২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেছেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ও চবি সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এসময়  উপাচার্য-এর সাথে কেইপিজেড ও ইয়াং ওয়ানের শীর্ষ কর্মকর্তাদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর ‘ইন্ডাস্ট্রি–অ্যাকাডেমিয়া সংযোগ’ জোরদারে যৌথ গবেষণা, অ্যাকাডেমিক এক্সচেঞ্জ, কারিকুলাম উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সাস্টেইনেবিলিটি, ট্রান্সলেশনাল রিসার্চ বা প্রয়োগমুখী গবেষণা এবং ওয়েস্ট ম্যানেজমেন্টসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে কেইপিজেড-এর আধুনিক উৎপাদন অবকাঠামো ও প্রযুক্তিগত সুযোগ-সুবিধা ব্যবহার করে চবি শিক্ষার্থীরা যাতে বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জন করতে পারে, সে লক্ষ্যে ভবিষ্যৎ সহযোগিতার একটি রূপরেখা বা ‘কনসেপ্ট নোট’ প্রণয়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে যৌথ সভার মাধ্যমে এই সম্ভাব্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।

উপাচার্য কেইপিজেড-এর বিভিন্ন জোনিং এরিয়া, টেক্সটাইল ও ফ্যাশন ইনস্টিটিউট, কেইপিজেড ট্রাস্ট হাসপাতাল এবং পরিবেশবান্ধব শিল্প উদ্যোগসমূহ ঘুরে দেখেন। তিনি কেইপিজেড কর্তৃপক্ষের আতিথেয়তা ও শিক্ষার প্রসারে ইতিবাচক মনোভাবের জন্য ধন্যবাদ জানান। এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে একটি দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে উঠবে, যা আঞ্চলিক গবেষণা ও বাস্তবমুখী শিক্ষার বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

এসময় ইয়াংওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমান, কোরিয়ান ইপিজেড করপোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান এবং কোরিয়ান ইপিজেড করপোরেশন (বিডি) লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন। ইয়ংওয়ান কর্তৃপক্ষ মাননীয় উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email