বিয়ের প্রলোভনে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৩ জুলাই) রাতে নগরের হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সবুজ মাহমুদ জানান, চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার আসামি হিসেবে আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করা হয়েছে।মামলার নথি অনুযায়ী, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের একাদশ বা দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তিনি ওই শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দেন।

অভিযোগে বলা হয়েছে, গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার ‘সুইট প্যালেস’ নামে একটি আবাসিক হোটেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরে শিক্ষার্থী বিয়ের বিষয়ে চাপ দিলে তিনি তা অস্বীকার করেন এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে অনুসন্ধানে ভুক্তভোগী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।

এ ঘটনায় গত ১৯ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপি ও এর সহযোগী সংগঠন যুবশক্তির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email