,

আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তর হবে দেশের প্রতিটি ভূমি অফিস-ভূমি প্রতিমন্ত্রী

আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তর হবে দেশের প্রতিটি ভূমি অফিস-ভূমি প্রতিমন্ত্রী
আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তর হবে দেশের প্রতিটি ভূমি অফিস-ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বাংলাদেশে প্রতিটি ভূমি অফিসকে আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে যার প্রথম ধাপে অন্তর্ভুক্ত হয়েছে হাটহাজারী উপজেলা ভূমি অফিসও।টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত এখানে ভূমি কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে। আধুনিক এই ভূমি কমপ্লেক্স দীর্ঘমেয়াদে জনগণকে উন্নত সেবা দেওয়ার উপযোগী করে নির্মাণ করা হবে।

প্রতিমন্ত্রী গতকাল শনিবার জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণে হাটহাজারী উপজেলা ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জন্য নির্মিত “সেবাকুঞ্জ”এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন স্বস্তি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সঙ্গে সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই আপাতত এই ব্যবস্থা করা হয়েছে।এখানে বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পানি পরিশোধনের সুবিধাসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখল, পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন নিয়মিতভাবে কাজ করছে। তবে সরকারের সীমিত জনবল দিয়ে সবকিছু সার্বক্ষণিকভাবে তদারকি ও মনিটরিং করা কঠিন।ফলে সরকারি সম্পত্তি নষ্ট, দখল বা বিনষ্টের ঘটনা কোথায় ঘটলে তা স্থানীয় জনগণকে প্রশাসনের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা বিভিন্ন অনিয়ম, অবৈধ স্থাপনা ও অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য প্রশাসনের নজরে আনলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।এক্ষেত্রে সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরপর প্রতিমন্ত্রী হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে হাটহাজারীতে অগ্নিকান্ড,প্রাকৃতিক দুর্যোগ,বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় দরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ করেন এবং হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় হলরুমে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের উৎসাহ দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ করা এধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা শুধু নিজেদের বাবা-মাকে নয়, নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে সমগ্র হাটহাজারীকে গর্বিত করেছে। তবে এটার অর্জনই শেষ নয়, এটি তাদের দীর্ঘ পথচলার শুরুর ধাপ।

মাদকের ভয়াবহতার বিষয়ে সতর্ক করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হতাশা বা ব্যর্থতার অজুহাতে কোনোভাবেই মাদকের দিকে ঝুঁকে পড়া যাবে না। ব্যর্থতা জীবনের শেষ নয় বরং ব্যর্থতার পর আবার চেষ্টা করে উঠে দাঁড়ানোই সফলতার অন্যতম চাবিকাঠি। শিক্ষার্থীরা মাদককে ‘না’ বলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

শিক্ষার্থীদেরকে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অপরাধ ছাড়া কোনো পেশাকেই ছোট করে দেখা উচিত নয়। দিনমজুর, শ্রমিক, রিকশাচালক থেকে শুরু করে চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী কিংবা শিক্ষক প্রত্যেক সৎ পেশার মানুষের শ্রম ও অবদানকে সম্মান করতে হবে।

পরে প্রতিমন্ত্রী হাটহাজারী উপজেলার সরকারহাটে কৃষি প্রণোদনা ও পুনবার্সন কর্মসূচির আওতায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন,বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক,শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।