,

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ডা. মুশতারী খানের বেড অনুদান

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ডা. মুশতারী খানের বেড অনুদান

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) ট্রাস্টে রোগীর বেড বাবদ অনুদান দিয়েছেন আমেরিকান প্রবাসী ডা. মুশতারী খানের পক্ষে তাঁর ভাই ব্যবসায়ী আদনান আলী খান। অদ্য ৬ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেনের হাতে ডা. মুশতারী খানের রোগীর দুইটি বেড বাবদ ২ লক্ষ টাকা অনুদানের এই চেক তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরী, ব্যবসায়ী সরওয়ার কালামসহ অন্যান্যরা। চেক গ্রহনকালে চক্ষু হাসপাতালটি এ অবস্থানে আসার পেছনে সকলের সহযোগিতা রয়েছে উল্লেখ করে মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন বলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক ম্যানেজিং ট্রাষ্টি, আন্তর্জাতিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ মরহুম অধ্যাপক ডা. রবিউল হোসেন কয়েকজন সমাজ কর্মীর উদ্যোগে অতি ক্ষুদ্র পরিসরে গ্রামমূখী চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে চক্ষুু হাসপাতালের যাত্রা শুরু করার পর পরবর্তীতে সারা দেশে ধীরে ধীরে প্রসার লাভ করে। যার ফলে প্রতিষ্ঠার পর থেকে লক্ষ লক্ষ রোগীর চোখের চিকিৎসা সফলভাবে সম্পন্ন করে ব্যতিক্রমধর্মী সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে চক্ষু হাসপাতাল। সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন রোগীদের কল্যাণে এভাবে অংশগ্রহন কামনার পাশাপাশি হাসপাতালের আগামীর অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় আদনান আলী খান বলেন, আন্তর্জাতিক মানের চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সেবামূখী প্রশংসনীয় কার্যক্রম আমাদের তাড়া করে প্রচন্ড আবেগে। তাই আমার বোনের পক্ষ থেকে এই ক্ষুদ্র নিবেদন। অতীতের মত আজও হাসপাতালের সেবা কার্যক্রমে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। আমাদের মত সবাই যেন রোগীদের কল্যাণে এভাবে এগিয়ে আসে, এটাই প্রত্যাশা করছি।