
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চ-এর উদ্যোগে এবং রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল-এর সহযোগিতায় “ENTERPRISE RESOURCE PLANNING (ERP)” শীর্ষক এক সেমিনার আজ বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১২টায় বিবিএ ফ্যাকাল্টি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর।
সেমিনারে সভাপতিত্ব করেন ব্যুরো অব বিজনেস রিসার্চ-এর চেয়ারম্যান প্রফেসর ড. জহুরুল আলম। এতে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন চার্টার্ড গ্লোবাল ম্যানেজমেন্ট একাউন্টেন্ট মোঃ আবদুল হাকিম ভূঁইয়া, (এফসিএমএ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আজকের এন্টারপ্রাইজ রিসোর্স পরিকল্পনা (ইআরপি) প্রশিক্ষণ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ, মানবসম্পদ, ক্রয় ও ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনায় ইআরপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই হাতে-কলমে প্রশিক্ষণ তোমাদের দক্ষতা ও জীবনবৃত্তান্ত সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে। আমরা চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু ডিগ্রি অর্জন করবে না; বরং কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রস্তুত মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।
উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, আজকের সেমিনারের বিষয় এন্টারপ্রাইজ রিসোর্স পরিকল্পনা বা ইআরপি। আধুনিক প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পদ, তথ্য ও কার্যক্রমকে সমন্বিতভাবে পরিচালনায় ইআরপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথভাবে এ প্রশিক্ষণ গ্রহণ করলে কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা বাড়বে। বাংলাদেশের মতো দেশে একটি ভালো চাকরি একজন তরুণের জীবন বদলে দিতে পারে। তাই এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, আমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। আজকের এন্টারপ্রাইজ রিসোর্স পরিকল্পনা বা ইআরপি প্রশিক্ষণ তোমাদের সেই দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইআরপি সম্পর্কে জ্ঞান তোমাদের কর্মজীবনের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং চাকরির সাক্ষাৎকারসহ বিভিন্ন প্রতিযোগিতায় আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে সহায়তা করবে।
এসময় ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালকসহ বিপুল পরিমাণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।







