,

আনোয়ারায় খাস জমি দখল, মাদক ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কারাদণ্ড

আনোয়ারায় খাস জমি দখল, মাদক ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কারাদণ্ড

আনোয়ারা উপজেলায় পর্যটন এলাকার পরিবেশ রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার সুনিশ্চিত করতে ব্যাপক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পার্কি বিচ, চাতরী ও বৈরাগ ইউনিয়নের সেন্টার এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়।
​অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে পারকি বিচ এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে নির্মিত বিভিন্ন স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। একই সঙ্গে বিচ এলাকায় বিধিনিষেধ অমান্য করে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় দুই আরোহীকে ৫০০ টাকা করে মোট ১,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
​দিনের অন্য এক অভিযানে চাতরী এলাকায় ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় মোঃ আরিফ (২৭) নামের এক যুবককে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে ১,০০০ টাকা অর্থদণ্ড এবং ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
​তাছাড়া দুপুর ৩টার দিকে বৈরাগ ইউনিয়নের সেন্টার এলাকায় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালানো হয়। মেয়ারোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ‘ফুলকলি’ এবং ‘শরীফ স্টোর’ নামের দুই দোকানকে ২০,০০০ টাকা করে মোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।
​অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার জানান, পর্যটকদের নিরাপত্তা, পরিবেশ রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন ও জনস্বার্থে আনোয়ারা উপজেলা প্রশাসনের এই নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।