,

মেডিক্যাল-ডেন্টাল ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদফতর

মেডিক্যাল-ডেন্টাল ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদফতর

সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। তবে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়সূচির ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে এইচএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ হবে, তা এখনো নিশ্চিত নয়।

তিনি আরও বলেন, অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হলে ৪ ডিসেম্বরই মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। তবে ফল প্রকাশে দেরি হলে ভর্তি পরীক্ষার সময়সূচিও পিছিয়ে যেতে পারে।

নাজমুল হোসেন বলেন, এইচএসসি ফল প্রকাশের আগে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব নয়। ফল প্রকাশের পর ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে। এরপর ফল পুনর্নিরীক্ষণসহ ভর্তি পরীক্ষার আবেদন ও অন্যান্য আনুষঙ্গিক কাজে প্রায় এক মাস সময় লাগবে। এসব বিষয় বিবেচনায় নিয়েই ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হচ্ছে।

তিনি বলেন, অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ হলে ৪ ডিসেম্বর পরীক্ষা নেওয়া যেতে পারে। আর ফল প্রকাশ পিছিয়ে গেলে মেডিক্যাল ভর্তি পরীক্ষাও পিছিয়ে দিতে হবে। সে ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ঘোষিত তারিখও বিবেচনায় নিতে হবে। এতে সময়সূচি সমন্বয়ে জটিলতা তৈরি হতে পারে।