
রাজধানীর তেজগাঁওয়ে একটি মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিকেল সোয়া ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, গোপন বৈঠক চলার তথ্যের ভিত্তিতে মসজিদে অভিযান চালানো হয়। এ সময় ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
ডিএমপির এক জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্য, পুলিশের কাছে তথ্য ছিল নিষিদ্ধ কোনো জঙ্গি সংগঠনের সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে ওই মসজিদে জড়ো হতে পারেন। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। তবে আটক ২৩ জন একই সংগঠনের সদস্য কি না, তা এখনো নিশ্চিত নয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের উগ্রবাদী কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ রয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একাধিক সদস্যও কাজ করছেন। আটক ব্যক্তিদের পরিচয়, তাদের পারস্পরিক যোগাযোগ এবং বৈঠকের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
তেজগাঁও থানায় গিয়ে দেখা যায়, আটক ব্যক্তিদের থানার একটি কক্ষে রাখা হয়েছে। তাদের কয়েকজনের পরনে পাঞ্জাবি ও মাথায় টুপি ছিল। এ সময় থানায় নিরাপত্তা জোরদার করা হয়।
এর আগে প্রাথমিকভাবে আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ‘ইফতেহাদুল আল ইসলাম’-এর সক্রিয় সদস্য বলে একটি আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাত দিয়ে তথ্য পাওয়া গেলেও, পরে প্রকাশিত প্রতিবেদনে পুলিশ এখনো তাদের কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নিশ্চিত করেনি। ফলে বিষয়টি তদন্ত ও যাচাইয়ের পর্যায়ে রয়েছে।







