,

কাফকোর নির্গত বর্জ্য পানিতে মাছের ঘেরে বিষক্রিয়া, ৪০ লাখ টাকার ক্ষতির অভিযোগ

কাফকোর নির্গত বর্জ্য পানিতে মাছের ঘেরে বিষক্রিয়া, ৪০ লাখ টাকার ক্ষতির অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) নির্গত বর্জ্য পানি প্রবেশ করে একটি বড় মৎস্য প্রজেক্টের বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রজেক্টের মালিক ও অংশীদারগণ।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে সিইউএফএল সড়কের পাশে অবস্থিত শাহাদাত নগর মাছ ঘেরে মাছ ভেসে উঠতে দেখা যায়।
​সরেজমিনে দেখা যায়, প্রজেক্টের বিশাল জলাশয়ের বিভিন্ন পয়েন্টে রুই, কাতলা, কোরাল,মৃগেলসহ হরেক প্রজাতির মরা মাছ ভেসে আছে। বিষাক্ত পানিতে মারা যাওয়া এসব মাছ কুড়িয়ে নিতে স্থানীয় মানুষদেরও ভিড় করতে দেখা যায়।
​ক্ষতিগ্রস্ত প্রজেক্টের মালিক মো. ইসমাইল অভিযোগ করে বলেন,’বৃহস্পতিবার গভীর রাতে এলাকায় হালকা বৃষ্টি হয়েছিল। আমাদের ধারণা, বৃষ্টির সুযোগে কাফকো কারখানা থেকে বর্জ্যমিশ্রিত বিষাক্ত পানি ছাড়ে। সেই পানি ড্রেন বেয়ে আমাদের প্রজেক্টের পুকুরে প্রবেশ করে। সকালে এসে দেখি ঘেরের সব মাছ মরে ভেসে উঠেছে।’
​তিনি আরও জানান, ১২ জন অংশীদার মিলে তারা দীর্ঘদিন ধরে এই শাহাদাত নগর প্রজেক্ট পরিচালনা করে আসছেন। এর আগে কখনও তাদের এত বড় বিপর্যয়ের মুখে পড়তে হয়নি। এতে শুধু তাঁর একারই প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তারা কাফকো কর্তৃপক্ষের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের জোর দাবি জানিয়েছেন।
​স্থানীয়দের অভিযোগ, কাফকো ও আশপাশের শিল্পকারখানাগুলো থেকে নিয়মিতই শোধনাগার বা বর্জ্য ব্যবস্থার তোয়াক্কা না করে ড্রেনে বিষাক্ত তরল বর্জ্য ফেলা হয়। বর্ষা বা বৃষ্টির রাতে এই প্রবণতা আরও বেড়ে যায়, যা পার্শ্ববর্তী পরিবেশ ও মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

​এ বিষয়ে জানতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) প্রধান পরিচালন কর্মকর্তা (সিইও) আবদুল্লাহ আবদুল্লাহ ফারুকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

​আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন,’বিষয়টি সম্পর্কে আমরা এখনো কোনো তথ্য পাইনি। তবে দ্রুতই সরেজমিনে খতিয়ে দেখা হবে। ক্ষতিগ্রস্ত চাষিদের আমাদের কাছে লিখিত আবেদন দেওয়ার অনুরোধ করছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’