,

বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনাকে টেকসই অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব: নৌপরিবহন মন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনাকে টেকসই অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব: নৌপরিবহন মন্ত্রী

সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনাকে টেকসই অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমিতে বর্ণিল আয়োজনে ‘বিশ্ব মেরিটাইম ডে’ ও একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
​প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “নতুন নাবিকরা দেশের সম্পদ। শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষিত নাবিকরা বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি অর্থনীতিতে রেমিট্যান্সের বড় যোগানদাতা হিসেবে কাজ করবে।”
​মেরিটাইম খাতের ভিত্তি তুলে ধরে তিনি বলেন, ১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার সরকার একনেকে ‘ডেভেলপমেন্ট অব সীম্যান্স ট্রেনিং স্কুল’ প্রকল্প পাস করে। ১৯৯৩-৯৫ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের ফলেই আজ এটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এ পর্যন্ত সাড়ে চার হাজার নাবিক প্রশিক্ষণ শেষে চার হাজার নাবিক দেশি-বিদেশি জাহাজে কর্মরত রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মেরিটাইম খাতসহ সব সম্ভাবনাময় ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টিতে পূর্ণ সহযোগিতা দিয়ে যাবে।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম ও নৌপরিবহন সচিব জনাব জাকারিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোঃ শফিউল বারী। আলোচনা শেষে অতিথিরা শোভাযাত্রা ও বৃক্ষরোপণে অংশ নেন।