
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন , দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে সমবায়ভিত্তিক নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে।
রবিবার ষোলশহর এলজিইডি মিলনায়তনে চট্টগ্রাম সমবায় বিভাগ আয়োজিত ৫৫ তম জাতীয় সমবায় দিবস আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বললেন।
প্রধানমন্ত্রী গৃহীত নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি বিশেষ করে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি । নিজস্ব ছাদে কিংবা উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে এ খাতে সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমবায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশ নেন।
অনুষ্ঠানে সফল সমবায়ীদের মাঝে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য “করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”।







