,

রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী স্বপ্না

রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী স্বপ্না

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত না হওয়ায় একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলেন, রামিসাকে হত্যার ঘটনা ছিল অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। ফলে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্ত দেন আদালত।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তবে স্বপ্না খাতুনের খালাসের বিষয়ে আপিল করবেন কি না, সে সিদ্ধান্ত অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে নেবেন বলে জানান তিনি।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান খান। রায় ঘোষণার সময় রামিসার বাবাও আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির আপিল ও মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ করেন হাইকোর্ট। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে রায় পড়া শুরু করেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। প্রায় দুই ঘণ্টা ধরে রায় ঘোষণা করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, রামিসার বাবা পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।

২৫ মে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।

১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিদের বক্তব্য গ্রহণ করা হয়।

পরে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুন—দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং ৩৭৪ ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় নিম্ন আদালত এ মামলার রায় ঘোষণা করেছিলেন।

পরে দুই আসামির মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি তারা কারাগার থেকে জেল আপিল করেন। সেই আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট।