
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদানভিত্তিক ও অত্যন্ত সহজ শর্তে জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ, প্রযুক্তি হস্তান্তর সহজতর করা এবং সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ৩১) সাইডলাইনে আয়োজিত ডি-৮ জলবায়ুবিষয়ক উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অধিবেশনে এ আহ্বান জানানো হয়। ‘ফ্রম ইস্তাম্বুল টু আন্তালিয়া: ডি-৮ পার্টনারশিপ ইন ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক এই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
অধিবেশনে আন্তালিয়া মন্ত্রী পর্যায়ের কর্মপরিকল্পনায় বাংলাদেশের প্রস্তাবিত সংশোধনীসমূহ উপস্থাপন করেন ড. সাইমুম পারভেজ। প্রস্তাবে জলবায়ু সংক্রান্ত যৌথ অঙ্গীকারকে বাস্তবভিত্তিক কার্যক্রমে রূপান্তর এবং জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সদস্যরাষ্ট্রগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি গঠন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালীকরণ, খাল পুনরুদ্ধার, উপকূলীয় সুরক্ষা ব্যবস্থা জোরদারকরণ, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি। এছাড়া জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং চক্রাকার অর্থনীতির (সার্কুলার ইকোনমি) বিকাশে সরকারের অগ্রাধিকারসমূহ তুলে ধরা হয়।
ডি-৮ সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ফলাফলভিত্তিক করার লক্ষ্যে বাংলাদেশ একটি ‘ডি-৮ পরিবেশ ও জলবায়ু সহযোগিতা প্ল্যাটফর্ম’ কার্যকরকরণ, সদস্যরাষ্ট্রগুলোর বিশেষজ্ঞদের সমন্বয়ে কারিগরি টিম গঠন এবং ২০২৭–২০৩০ মেয়াদের জন্য বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়নের প্রস্তাব দেয়। প্রস্তাবিত এই রোডম্যাপে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন, জলবায়ু সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালীকরণ, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নিতে উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্প্রসারণের প্রস্তাব করা হয়। পাশাপাশি কম্পোস্ট, বায়োগ্যাস এবং অনানুষ্ঠানিক বর্জ্যকর্মীদের জীবিকার সুরক্ষা নিশ্চিত করে বর্জ্য থেকে জ্বালানি পুনরুদ্ধারের সম্ভাবনা মূল্যায়নের ওপর জোর দেওয়া হয়।
কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে কারিগরি টিমে সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধি মনোনয়ন এবং একই বছরের প্রথম প্রান্তিকে কর্মদলের প্রথম সভা আয়োজনের প্রস্তাব করে বাংলাদেশ।
অধিবেশনে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ও কপ৩১ সভাপতি মুরাত কুরুম, ডি-৮ সংস্থার মহাসচিব রাষ্ট্রদূত সোহাইল মাহমুদসহ সদস্যরাষ্ট্রগুলোর মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।







