
কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের মামলায় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলার রায় ঘোষণার জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা এ মামলায় ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। তাদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।
তিনি জানান, বাকি ১৫ আসামির বিরুদ্ধে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আগামী ৩০ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন। মঙ্গলবার ওই ১৫ আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে সাবেক ডিসি মো. রুহুল আমিনসহ অনুপস্থিত ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার নথি অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় চিংড়িঘের, ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ২৩৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।
অভিযোগে বলা হয়, এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। পরে বিভিন্ন কৌশলে ওই অর্থের মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন।
দুদকের তদন্তে এ ঘটনায় ৩৬ জনের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। পরে ২০১৭ সালের ৩ এপ্রিল ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে আদালত ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।







