,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে এবং রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা ও সহিংসতা চলছিল।

স্থানীয় সূত্র জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর নাশকতার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন।

পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তবে একপর্যায়ে নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। এরপর হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভস্মীভূত হয়।

ঘটনার বিষয়ে জানতে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা সাড়া দেননি।