
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী সিন্ডিকেটের দৌরাত্ম্যে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এসব সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, অভিবাসন ব্যয় কমানো এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তারেক রহমান বলেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক সরকারের আমলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত বা কমিয়ে দিয়েছিল। এতে দেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে কর্মী পাঠানোর বন্ধ প্রক্রিয়া আবার চালু করা সম্ভব হয়েছে। দেশটিতে প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এদের মধ্যে বিগত সরকারের সময়ে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার বিষয়ে সরকার মোটামুটি নিশ্চিত হয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গেও আলোচনা চলছে। এসব দেশ বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে নতুন করে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।
বিদেশে যাওয়ার খরচ কমাতে সরকারি প্রণোদনার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, এ জন্য অর্থের উৎস ও প্রক্রিয়া স্পষ্ট হওয়া প্রয়োজন। প্রস্তাবটি যথাযথভাবে ব্যাখ্যা করা হলে সরকার উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।
এর আগে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, দালালদের প্রতারণার কারণে অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। সরকার সরাসরি কর্মী নিয়োগের সংখ্যা, দেশভিত্তিক চাহিদা ও অভিবাসন ব্যয় নির্ধারণ করে প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবে। প্রয়োজনে প্রণোদনা দিয়ে বিদেশে যাওয়ার ব্যয় কমানোরও প্রস্তাব দেন তিনি।
স্বাস্থ্যসেবায় বাড়ছে হাসপাতালের শয্যা
অন্য এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশের স্বাস্থ্য খাতকে যথাযথভাবে গড়ে তোলা হয়নি। ফলে উন্নত চিকিৎসার জন্য মানুষকে বিদেশমুখী হতে হয়েছে। সরকার এখন দেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে।
তিনি জানান, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে দেশের সব উপজেলা হাসপাতালে নতুন শয্যা সংযোজনের জন্য দরপত্র প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলোকে আগামী পাঁচ বছরে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে শয্যাসংকটের কারণে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে থাকতে হয়। এক পরিসংখ্যানে এমন রোগীর সংখ্যা প্রায় ৪০ লাখ বলে উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক সংকটের মধ্যেও গত কয়েক মাসে সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার নতুন শয্যা যুক্ত করতে সক্ষম হয়েছে সরকার।
ঢাকায় বসছে এআই ট্রাফিক সিগন্যাল
রাজধানীর যানজট কমাতে ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এসব সিগন্যাল কার্যক্রম শুরু করতে পারে।
বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে তিন মাস আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন ট্রাফিক সিগন্যাল বসানো হচ্ছে। এগুলো চালু হলে ট্রাফিক ব্যবস্থার উন্নতি এবং যানজট কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার।
তিনি বলেন, বিশ্বের বড় ও জনবহুল শহরগুলোতে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরু এবং ছুটির সময়ে কয়েক ঘণ্টা যানজট থাকে। বাংলাদেশেও একই ধরনের পরিস্থিতি রয়েছে। তারপরও যানজট যতটা সম্ভব কমিয়ে মানুষের চলাচল সহজ করতে সরকার কাজ করছে।
মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর চিন্তা
রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, কয়েকটি রুটে মেট্রোরেল চালু হয়েছে। বাকি রুটগুলোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ রয়েছে। পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে। তুলনামূলক ছোট জায়গার মধ্য দিয়ে চলাচলের সুযোগ থাকায় মনোরেল চালু করা গেলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করেন তিনি।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী তা বেড়ে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরা হয়।







