
বাংলাদেশে আশ্রয়ে যে রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, তাদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায় ‘অত্যন্ত ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রায়ের পরপরই তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৫ রাষ্ট্রদূত ও হাই কমিশনারের সাক্ষাৎ
“রোহিঙ্গাদের ওপর যে অনাচার, জেনোসাইড হয়েছে এটা অত্যন্ত পরিষ্কার। এই রায়ে বলা হয়েছে, রাখাইন স্টেটে রোহিঙ্গা একটা গ্রুপ আছে তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য যে কার্যক্রম চালিয়েছে, সেটা এই রায়ে উঠে এসেছে,” বলেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশের ওপর এই রায়ের তাৎপর্য কী হবে, সে বিষয়ে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “বহু বছর ধরে বাংলাদেশ মিয়ানমার সম্প্রদায়ের সাথে কথা বলে আসছে, সবকিছুকে জোরদার করবে আজকের এই রায়টা।”
“আন্তর্জাতিক মহলের প্রতি আমাদের আহ্বান হবে এই রায়ের ওপর নির্ভর করে মিয়ানমার সরকারকে এবং আরাকান আর্মিকে চাপ দেওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে,” বলেন মিজ ওবায়েদ।
এই রায়ের ফলে আবার মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর অত্যাচার শুরু হতে পারে এমন আশঙ্কা রয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, “বাংলাদেশ সজাগ আছে, বাংলাদেশ কখনোই চায় না কোনো একটি রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর আরো অত্যাচার নিপীড়ন নেমে আসুক।”
এই রায়ের ফলে এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ, বলেন এই প্রতিমন্ত্রী।
“মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি বুঝতে পারবে যে এই রোহিঙ্গা জনগোষ্ঠি তাদের নিজের দেশে সম্মানের সাথে ফিরে যেতে চায়। আজকের এই রায়কে তারা সম্মান জানাবে এবং রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়া শুরু করবে,” বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।







