,

হাসিনার প্রত্যর্পণ ও সীমান্তে আ.লীগ নেতাদের অবস্থান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

হাসিনার প্রত্যর্পণ ও সীমান্তে আ.লীগ নেতাদের অবস্থান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান চাওয়া এবং সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতাদের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সীমান্ত এলাকায় আওয়ামী লীগের চার নেতার গোপন বৈঠকের বিষয়ে জানতে চাইলে আন্দালিভ রহমান পার্থ বলেন, এটি এক ধরনের ‘হালকা ব্লাফ পলিটিক্স’। ওই চার নেতার নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন দেখা যায়নি। দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতেই তাঁরা সীমান্ত এলাকায় ঘুরে এসেছেন।

শেখ হাসিনার দেশে ফেরা এবং তাঁর বিচার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হবে। কোনো অগ্রহণযোগ্য অনুরোধ সরকার বিবেচনা করবে—এমন চিন্তা হাস্যকর।

শেখ হাসিনা ভারতে কীভাবে অবস্থান করছেন, তা নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, শেখ হাসিনা সেখানে আশ্রয়ে, পর্যটন ভিসায় নাকি অন্য কোনো ব্যবস্থায় রয়েছেন, তা বাংলাদেশ সরকারের জানা নেই। তবে ভারতে অবস্থান করে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাঁর রায়ও হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। কিন্তু দেশে ফেরার বিষয়ে তিনি এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এ নিয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সেগুলো মূলত মৌখিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ।

আন্দালিভ রহমান পার্থ বলেন, একদিকে বিমান চাওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের আগে নিজেদের মানসিকতা ঠিক করা উচিত।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে সম্প্রীতিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, তা আওয়ামী লীগের ভালো লাগছে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দেশ সামনের দিকে এগিয়ে যাওয়া, গুম-খুন বন্ধ হওয়া এবং ইতিবাচক পরিবর্তনের বিষয় থেকে মানুষের মনোযোগ সরিয়ে ভীতি তৈরির চেষ্টা করছে দলটি।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের হিন্দু-মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করেন। ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধার জন্য বাংলাদেশের হিন্দু-মুসলিম ইস্যু ব্যবহার করছে।

ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, শোচনীয় কূটনৈতিক নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। এর প্রভাব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কেও পড়ছে। ভারতের মাটিতে বসে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের একাংশের তা সমর্থন করা ভারতের দুর্বল পররাষ্ট্রনীতিরই বহিঃপ্রকাশ।