নির্বাচনের ফল প্রকাশের সময় জানালেন ইসি সানাউল্লাহ

নির্বাচনের ফল প্রকাশের সময় জানালেন ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার সকালে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ভোটগ্রহণের পরদিন অর্থাৎ শুক্রবার সকালের মধ্যেই দেশের অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

ইসি সানাউল্লাহ বলেন, প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে কমিশন বদ্ধপরিকর। এবার ভোটকেন্দ্রে পর্যবেক্ষক ও সংবাদকর্মীদের প্রবেশাধিকার উন্মুক্ত রাখা হয়েছে, যাতে পুরো প্রক্রিয়াটি সবার সামনে পরিষ্কার থাকে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এবারের নির্বাচনে নতুন ভোটারদের প্রভাব নিয়ে তিনি বলেন, ভোটার তালিকায় ৪ কোটিরও বেশি তরুণ ভোটার যুক্ত হয়েছেন। এই বিশাল সংখ্যক নবীন ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলবে বলে কমিশন আশাবাদী।

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসি সানাউল্লাহ একে একটি ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে মতামত প্রকাশের সুযোগ পাচ্ছেন। প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করা হচ্ছে।

একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় এবার আগের চেয়ে অনেক দ্রুত ও নিখুঁতভাবে ফলাফল দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email