জঙ্গল সলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবি পুলিশের, বসছে র‍্যাব–পুলিশ ক্যাম্প

জঙ্গল সলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবি পুলিশের, বসছে র‍্যাব–পুলিশ ক্যাম্প

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বিস্তীর্ণ এই পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারে র‍্যাব ও পুলিশের দুটি স্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।

তবে অভিযানের মুখে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার সন্ত্রাসী গ্রুপ ‘ইয়াসিন বাহিনী’র প্রধান মো. ইয়াসিন পালিয়ে গেছেন। এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এর আগে, সোমবার ভোরে ভারী সরঞ্জাম নিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে কিছু অস্ত্র উদ্ধার এবং প্রায় ১৫ জনকে আটক করার তথ্য পাওয়া গেছে। তবে ডিআইজি বলেন, ‘পাহাড়ি এলাকার অনেক স্থানে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় এখনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।’

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডা. জিয়াউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘এখানে যে প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার প্রয়োজন ছিল, তা এখন হয়েছে। সরকার আগে থেকেই এই এলাকা ঘিরে উন্নয়ন পরিকল্পনা নিয়েছিল। এখন সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করা হবে।’

পাহাড়ি দুর্গম এলাকায় ক্যাম্পের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে—এ প্রশ্নের জবাবে ডিআইজি আহসান হাবীব বলেন, ‘নিরাপত্তার প্রয়োজনে সেখানে ভারী অস্ত্র মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email