
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। আগামী সপ্তাহে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দু’দলের লড়াই। এ সিরিজ সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার দল ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
পারফরম্যান্স বিবেচনায় গত সিরিজের ১৫ সদস্যের দলটি অপরিবর্তিত রয়েছে। তাতে রয়েছেন- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
বর্তমানে মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে রয়েছেন। ১২ এপ্রিল পর্যন্ত তাদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই তারা দলের সঙ্গে যোগ দেবেন।
সূচি অনুযায়ী, নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
অন্যদিকে, ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।







