
চট্টগ্রামের হাটহাজারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনা (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।রবিবার (২৬ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৭ এপ্রিল) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, ওসমান গণি ওরফে মনা শীর্ষ সন্ত্রাসী। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, একটি চাপাতি, সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এছাড়া বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দেওয়া এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির সঙ্গে সম্পৃক্ততার বিষয়েও তথ্য দিয়েছেন তিনি।তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আরও দুই আসামি হৃদয় (৩০) ও রাজু (৩২)-এর সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।গ্রেপ্তার মনার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।







