
চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবিতে একটি ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসতে গিয়ে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, শিশু ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্তকে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানা পুলিশ। খবর পেয়ে সেখানে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ জড়ো হন। একপর্যায়ে পুলিশ অভিযুক্ত যুবককে ভবন থেকে বের করে নিয়ে আসতে চাইলে বিক্ষুব্ধ জনতা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ অভিযুক্তকে ভবন থেকে বের করে নিয়ে আসতে পারেনি।
এদিকে ঘটনার পর ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবক ওই ভবনের ভেতরেই অবস্থান করছে বলে দাবি করছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ওসিসিতে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি বলেন, স্থানীয় লোকজন অভিযুক্ত যুবক যে ভবনে রয়েছে বলে ধারণা করছে, সেটি ঘেরাও করে রেখেছে। তারা তাকে বের হতে দিচ্ছে না। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। অভিযুক্তকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, এর আগের দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাঁচ বছরের আরেক শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রামে পরপর এমন দুটি ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।







