জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আজ ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩০ ঘটিকায় সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রাণবন্ত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত ম্যাচের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সীতাকুণ্ড থানার কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ম্যাচে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি পরিধান করে উৎসবমুখর পরিবেশে খেলায় অংশ নেয়। মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য, উচ্ছ্বাস এবং খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের গভীর আগ্রহ। খেলা উপভোগ করতে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলাবোধ ও দলগত চেতনা বিকাশের পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য চট্টগ্রাম জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email