
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও পরিবেশবান্ধব করতে চাকসুর উদ্যোগে জোবাইক সেবা কার্যক্রম আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বেলা ১১টায় চাকসু ভবনের সামনে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান উদ্বোধন করেন। পরীক্ষামূলকভাবে ১০টি ইলেক্ট্রিক বাইসাইকেলের মাধ্যমে জোবাইক সেবা পুনরায় চালু করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয়বারের মতো জোবাইক সেবা চালু হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াত সহজ হবে। আয়তনে বড় এবং পাহাড়ি ক্যাম্পাস হিসেবে এটি আমাদের শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হবে বলে আশা করি। এক্ষেত্রে শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। উপাচার্য চাকসুর প্রতিনিধি এবং জোবাইকের প্রতিষ্ঠাতা মেহেদী রেজাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় আরও বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। এসময় আরও উপস্থিত ছিলেন চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ ও জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঁঞা।
চাকসুর প্রতিনিধিরা জানান, প্রাথমিকভাবে ৪০ দিনের জন্য ১০টি প্যাডেল-অ্যাসিস্ট জো বাইক চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি জোনে এসব বাইকের পার্কিং সুবিধা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা জো বাইকের মোবাইল অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাইক চালু ও বন্ধ করতে পারবেন। পরীক্ষামূলক পর্যায়ে সেবাটির ভাড়া প্রতি মিনিট ১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। চাহিদা ও ব্যবহারকারীদের সাড়া বিবেচনায় পরবর্তী পর্যায়ে প্রায় ১০০টি প্যাডেল-অ্যাসিস্ট জোবাইক চালুর পরিকল্পনা রয়েছে। তখন শিক্ষার্থীদের জন্য ভাড়া প্রতি মিনিট ৮০ পয়সা নির্ধারণ করা হবে।







