চীন সফরে ব্যস্ত সময় কাটছে প্রধানমন্ত্রীর

চীন সফরে ব্যস্ত সময় কাটছে প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২৩ জুন) সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও’র সঙ্গে সাক্ষাৎ করেন সরকার প্রধান।

স্থানীয় সময় বিকেলে জলবায়ু বিষয়ক সেমিনারে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ার কর্তৃক স্বাগত সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিক শীর্ষ ব্যবসায়ী ও করপোরেট নেতার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমএমসি পোর্টসের চেয়ারম্যান সৈয়দ মোখতার আল-বুখারি। সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পকারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করে এমএমসি পোর্টস।

এরপর স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিক রিজাল কামিল নিক ইব্রাহিম। এ সময় বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং দেশে দ্রুত ফাইভ-জি নেটওয়ার্ক চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের জন্য আজিয়াটা গ্রুপের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।

একই দিন স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ারএশিয়ার গ্রুপ সিইও বো লিংগাম। বৈঠকে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও এভিয়েশন খাতে সম্ভাব্য বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

দালিয়ানে দুই দিন সফর শেষে বুধবার বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email