
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “বাইক ও স্কুটি প্রশিক্ষণ” কর্মসূচির শুভ উদ্বোধন আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকাল ৩টায় চাকসু ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও জীবনমুখী বিভিন্ন দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। এই বাইক ও স্কুটি প্রশিক্ষণ শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি চাকসুর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, চাকসুর প্রতিটি উদ্যােগ অত্যন্ত চমৎকার ও শিক্ষার্থীবান্ধব। তিনি দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। চাকসুর কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চাকসুর খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দক্ষ, সচেতন ও স্বাবলম্বী চালক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চাকসুর ক্রীড়া উপ-কমিটি এই সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। এসময় চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।







