ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত সুবিধা, গবেষণা পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য পরিচালিত বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে হবে। তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন উৎপাদনমুখী খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
পরে মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলও ঘুরে দেখেন। তিনি স্কুলের শ্রেণিকক্ষ, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email