সন্দ্বীপে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউক

সন্দ্বীপে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউক

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) উদ্যোগে সন্দ্বীপ উপজেলার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার চারটি স্থানে এ মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
প্রতিকূল আবহাওয়ার কারণে কর্মসূচিতে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও পুরো কার্যক্রমের সার্বিক তদারকি করেন চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
চাল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্যসচিব আলমগীর ঠাকুর, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন।
চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চউক ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এর আগে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, হাটহাজারী,মোহরা,ইপিজেড,পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আরও কয়েকটি এলাকা ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝেও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email