
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়। এটি শুধু বাংলাদেশ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলোচনার বিষয় নয়; বরং সমগ্র বিশ্বের শিক্ষা, গবেষণা, প্রশাসন ও প্রযুক্তি খাতের জন্য একটি বৈশ্বিক বাস্তবতা। উন্নত বিশ্বে এআই-এর ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং ভবিষ্যতের উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই।
‘Send A Little hope’ এর আয়োজনে এবং চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর সহযোগিতায় রবিবার (২ আগস্ট) বেলা ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘AI FOR ALL’ শীর্ষক কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক “AI Navigator Programme – 2026” প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মাননীয় উপাচার্য।
তিনি বলেন, এআই-এর ব্যবহার বন্ধ করার কোনো সুযোগ নেই। বরং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা কীভাবে দায়িত্বশীল ও নৈতিক উপায়ে এ প্রযুক্তি ব্যবহার করবেন, সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। বর্তমানে অ্যাসাইনমেন্ট, থিসিস, গবেষণাপত্র প্রস্তুতসহ বিভিন্ন একাডেমিক কাজে প্রতিনিয়ত নতুন নতুন এআই টুল যুক্ত হচ্ছে। এআই ব্যবহারের সীমা, নৈতিকতা ও গ্রহণযোগ্যতা নির্ধারণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নীতিমালা প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন মনে করেন উপাচার্য।
উপাচার্য এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের সময়োপযোগী আয়োজন শিক্ষার্থী ও গবেষকদের নতুন চিন্তা ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করছে। তিনি অনুষ্ঠানের আয়োজক, অংশগ্রহণকারী ও বিজয়ীদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সবার সার্বিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর এবং ‘Send A Little Hope’-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এআই ন্যাভিগেটর এন্ড এআই কনফিডেন্স-এর কম্যুনিকেশন অফিসার সু-প্রভা ইসলাম।







