,

শিরোপার লক্ষ্যে প্রস্তুত থানা কাবাডি টিম, উন্মোচন হলো জার্সি

শিরোপার লক্ষ্যে প্রস্তুত থানা কাবাডি টিম, উন্মোচন হলো জার্সি

চট্টগ্রামের চন্দনাইশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। এ উপলক্ষে চন্দনাইশ থানা কাবাডি টিমের আনুষ্ঠানিক জার্সি উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জের (ওসি) কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্সি উন্মোচন করা হয়।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার, চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দলের কোচ মোজাম্মেল হক, টিম ম্যানেজার মোহাম্মদ হেলাল উদ্দীনসহ থানার অন্যান্য কর্মকর্তা ও দলের সদস্যরা।
জার্সি উন্মোচনের মধ্য দিয়ে দলের খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। নতুন জার্সিতে নিজেদের মাঠে নামার অপেক্ষায় উচ্ছ্বসিত খেলোয়াড়রা। তারা জানান, শুধু অংশগ্রহণ নয়, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এবারের প্রতিযোগিতায় মাঠে নামবেন তারা।
দলের সংশ্লিষ্টরা আশা করছেন, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলাকে জনপ্রিয় করে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জার্সি উন্মোচন শেষে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের মধ্যে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। শিরোপা জয়ের প্রত্যয় নিয়ে নিজেদের প্রস্তুত করার কথাও জানান দলের খেলোয়াড়রা।