
সবার আগে দেশ, বাংলাদেশ- এই চেতনা ধারণ করে বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জুলাই যোদ্ধাদের সাহস, ত্যাগ ও আত্মোৎসর্গ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি সরোয়ার আলমগীর।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সরোয়ার আলমগীর জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁদের সাহস, ত্যাগ ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মো. ইব্রাহীম। তিনি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পর্যায়ক্রমে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
তাঁরা বলেন, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের চেতনা ধারণ করেই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের মেধা, সৃজনশীলতা ও দেশপ্রেম বিকাশে নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জুলাই যোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।







