মানবিক ও সামাজিক উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জীবন পরিবর্তন সম্ভব: স্থানীয় সরকার মন্ত্রী

মানবিক ও সামাজিক উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জীবন পরিবর্তন সম্ভব: স্থানীয় সরকার মন্ত্রী

ক্ষুদ্র ক্ষুদ্র মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমেই সুবিধাবঞ্চিত মানুষের জীবনে বড় পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “শুধু অর্থ সহায়তা নয়, অসহায় মানুষকে কর্মমুখী করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘লাভ শেয়ার বিডি’ আয়োজিত ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর উদ্বোধন এবং ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চা-ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্থার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে মন্ত্রী লাভ শেয়ার বিডির মতো মানবিক উদ্যোগে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। রংপুর বিভাগের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানীয় প্রতিনিধিদের নিজ নিজ এলাকার মানুষের স্বাবলম্বিতা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে হবে।

দেশের সামগ্রিক অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সরকার অর্থনীতি পুনরুদ্ধার, কৃষি ও সেচ ব্যবস্থার আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শক্তি-জ্বালানি সংকট মোকাবিলায় নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।” তিনি আরও যোগ করেন, উন্নয়ন একদিনে সম্ভব নয়; তাই গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (রাষ্ট্রদূত পদমর্যাদা) মুসফিকুল ফজল আনসারী বলেন, “নিজের উপার্জনের অর্থ দিয়ে দেশের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। এসব সামাজিক উদ্যোগের পরিধি ছোট মনে হলেও এর পেছনের উদ্দেশ্য অত্যন্ত মহৎ।”

সভাপতির বক্তব্যে ‘লাভ শেয়ার বিডি’র পরিচালক জাহিদ খান বলেন, “মানুষের অসহায়ত্ব ও দারিদ্র্যের বাস্তব অভিজ্ঞতা থেকেই এই সংগঠনের জন্ম। সুবিধাবঞ্চিত মানুষকে কেবল সাময়িক সাহায্য নয়, স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে ২৫ জন সুবিধাবঞ্চিত ও কর্মক্ষম মানুষের হাতে উপহার হিসেবে আধুনিক চা-ঘরের চাবি ও উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email