
-জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
তিনি বলেন, জরুরি চিকিৎসায় সঠিক জ্ঞান, দক্ষতা ও সময়োপযোগী সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন চিকিৎসককে শুধু বইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; জরুরি পরিস্থিতিতে সেই জ্ঞান দ্রুত ও সঠিকভাবে প্রয়োগ করার দক্ষতাও অর্জন করতে হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে আয়োজিত ‘ইমার্জেন্সি অ্যান্ড রিসাসিটেশন স্কিলস ওয়ার্কশপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, একজন রোগী হঠাৎ হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার মতো জরুরি পরিস্থিতির শিকার হতে পারেন। এসব ক্ষেত্রে দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। জরুরি চিকিৎসায় প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে রোগীর অবস্থা দ্রুত শনাক্ত করা, প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং যথাসময়ে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, একজন চিকিৎসকের দক্ষতা শুধু তাঁর জ্ঞান দিয়ে পরিমাপ করা যায় না; সেই জ্ঞান বাস্তব পরিস্থিতিতে কতটা কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন, সেটিও গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা চিকিৎসক ও শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনে সহায়ক হবে। তাঁদের জন্য এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে জরুরি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. রফিকুল হাসান তান্না, অধ্যাপক ডা. সাইফুদ্দিন সিদ্দিক আহমেদ সুজা, সাধারণ সম্পাদক ডা. রেজাউল করিম আজাদ, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, পরিচালক ডা. মো. মহিউদ্দিন, সদস্য সাইফুল আলম ও পরিচালক আশরাফুল করিম। এই কর্মশালার আয়োজন করেন মেসবাহ উদ্দিন।
ক্যাপশন: মা ও শিশু কলেজ হাসপাতালে ‘ইমার্জেন্সি এন্ড রিসাসিটেশন স্কিলস ওয়ার্কশপ’ এর উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু সুফিয়ান এমপি।







