,

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগর।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর জাসাসের উদ্যোগে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক এম. এ. মুসা বাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর জাসাসের সদস্য সচিব মো. মামুনুর রশিদ শিপন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিন সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নতুন অধ্যায়ের সূচনা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা এবং দেশ পরিচালনায় তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাসাসকে সাংস্কৃতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশীয় সংস্কৃতি, জাতীয়তাবাদী মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনার বিকাশে শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক দোস্ত মোহাম্মদ,স্কাউট লিডার খন্দকার সাইফুল ইসলাম, কণ্ঠশিল্পী সৈয়দ জিয়া উদ্দিন, কণ্ঠশিল্পী নজরুল ইসলাম তুহিন, মোফাজ্জল হোসেন মাহফুজ, লায়ন এম. এ. মান্নান, এস. এম. তারেক, মোহাম্মদ সেলিম, মহানগর জাসাস নেতা মো. সালাউদ্দিন, কণ্ঠশিল্পী এস. বি. সুমি, বাচিক শিল্পী নাহিদা আক্তার নাজু, কণ্ঠশিল্পী নাসির উদ্দিন ও কণ্ঠশিল্পী নজরুল ইসলামসহ জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে নেতৃবৃন্দ ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও চেতনা স্মরণ করেন।