
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে চীনের প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ট্রানশন হোল্ডিংস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (০৯ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশে ট্রানশন গ্রুপের চলমান ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রতিনিধিদলের সদস্যরা।
বাংলাদেশে প্রতিষ্ঠানটির বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসতে ট্রানশন প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বিনিয়োগের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, বর্তমান সরকারের ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন ট্রানশনের প্রতিনিধিরা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহও প্রকাশ করেন তাঁরা।
সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।







