
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
১৯ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এ কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে না। সারা দেশেও বড় ধরনের কোনো সমস্যা হবে বলে সরকার মনে করছে না। এর আগেও দলটির কর্মসূচি ছিল এবং সেসব নিয়ে সরকারের অবস্থান আগেই জানানো হয়েছে।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার বিষয়ে তিনি বলেন, বিষয়টি সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও এ নিয়ে কথা বলেছেন। সরকার দেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। আওয়ামী লীগের নামে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও বর্তমানে নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। এর সঙ্গে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে উপদেষ্টা বলেন, যাদের ছবি সামনে এসেছে, তাদের গ্রেপ্তার করা হবে। গতকাল থেকেই ওই এলাকায় যৌথবাহিনী দায়িত্ব পালন করছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যাঁরা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাঁরা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।
গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে প্রত্যাহার মানেই সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন, এমন নয়।
গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। তবে পুলিশকে এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে বলপ্রয়োগ ও হতাহতের ঘটনা যতটা সম্ভব কম হয়।
তাঁর দাবি, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস হয়ে উঠেছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষেত্রে সরকার যে কৌশল অনুসরণ করেছে, তা যথাযথ ছিল। এমনকি সরকারের সমালোচকরাও পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারির বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সরকারের নজরদারি কীভাবে পরিচালিত হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়।
তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ের অনেক কর্মকর্তার সঙ্গে দলটির রাজনৈতিক সম্পৃক্ততা বা ঘনিষ্ঠতা ছিল। তবে সেটি নিজে কোনো সমস্যা নয়। তাঁরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্বে থাকা অবস্থায় কেউ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত হলে তা উদ্বেগজনক। এ ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের নিজস্ব ব্যবস্থা রয়েছে এবং প্রয়োজন হলে প্রকৃত তথ্য সংগ্রহের সক্ষমতাও রয়েছে।
এদিকে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ও ভারতের সঙ্গে সম্পর্কের সর্বশেষ পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে পরবর্তী সময়ে চুক্তির অবস্থা কী হবে, সে বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ কী চায় এবং কীভাবে চায়, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো সম্ভাবনা নেই। গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই। দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসলে চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো সাধারণত অনেক আগেই চূড়ান্ত করা হয়।







