
চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে নিজ বাসা থেকে চন্দা শর্মা কান্তা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, সোমবার রাতে বাসায় একাই ছিলেন চন্দা। রাতে কাজ শেষে বাসায় ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন তাঁর স্বামী মলই কান্তি শর্মা। কিন্তু দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে দারোয়ানকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন তিনি। এ সময় শয়নকক্ষের ফ্যানের সঙ্গে চন্দার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহত চন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।







