
নগরীর উন্নয়ন, নাগরিক সেবা ও বিভিন্ন সংস্থার কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে চট্টগ্রামে নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, নগরীর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে সিটি কর্পোরেশন এককভাবে কাজ করতে গিয়ে বিভিন্ন সংস্থার মালিকানা ও দায়িত্বসংক্রান্ত জটিলতার মুখোমুখি হচ্ছে। নগর সরকার প্রতিষ্ঠিত হলে সিটি কর্পোরেশনসহ নগরসংশ্লিষ্ট সব সেবা সংস্থা একটি সমন্বিত কাঠামোর আওতায় কাজ করতে পারবে। এতে নাগরিক সেবার মান বাড়বে এবং পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সহজ হবে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ মানজুমা প্যালেসে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আবাসিক এলাকা সমন্বয় ফোরামের আলোচনা সভা ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে সিঙ্গাপুর, টোকিও, নিউইয়র্ক কিংবা টরন্টোর মতো আধুনিক নগরীতে পরিণত করতে হলে নগর ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশ্বের উন্নত নগরীগুলোতে নগর সরকার ব্যবস্থা রয়েছে। অথচ চট্টগ্রামে এখনো সেই ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। নগর সরকার প্রতিষ্ঠা করা গেলে সিটি কর্পোরেশনের পাশাপাশি রেলওয়ে, বন্দরসহ নগরসংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় আনা সম্ভব হবে।
তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় সুন্দর ওয়াকওয়ে, আলোকসজ্জা ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার সুযোগ রয়েছে। কিন্তু বিভিন্ন সংস্থার জায়গা ও দায়িত্বের বিভাজনের কারণে অনেক ক্ষেত্রে এসব উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। নগর সরকার প্রতিষ্ঠিত হলে এ ধরনের প্রতিবন্ধকতা দূর হবে।
নগরীর নিরাপত্তা ও জনশৃঙ্খলা প্রসঙ্গে প্রশাসক বলেন, চট্টগ্রামে বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ এসে বসবাস করছেন। তাঁদের অনেকের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় নিরাপত্তা ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এ বিষয়ে প্রশাসন, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। কাউকে হয়রানি না করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সচেতনতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের কারণে সন্তান মা-বাবাকে, ভাই ভাইকে হত্যা করার মতো ঘটনাও ঘটছে। তাই মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনকেন্দ্র গড়ে তোলার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার উদ্যোগের কথা তুলে ধরে প্রশাসক বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে ১১টি খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে। জাম্বুরি মাঠসহ হালিশহরের বিভিন্ন এলাকায় খেলার মাঠ উন্নয়ন করা হয়েছে। উত্তর আগ্রাবাদ এলাকার খেলার মাঠ উন্নয়নের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার সড়ক উন্নয়নসহ চলমান কাজগুলো আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নগরবাসীর হোল্ডিং ট্যাক্স প্রসঙ্গে তিনি বলেন, অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স নির্ধারণের অভিযোগ পাওয়ার পর অনেক ক্ষেত্রে তা পুনর্মূল্যায়ন করে কমানো হয়েছে। যাঁদের এখনো হোল্ডিং ট্যাক্স চূড়ান্ত হয়নি, তাঁরা আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি যাঁদের হোল্ডিং ট্যাক্স চূড়ান্ত হয়েছে, তাঁদের ক্ষেত্রেও আইন অনুযায়ী ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গে প্রশাসক বলেন, জনগণ যাঁকে যোগ্য মনে করবেন, তাঁকেই ভোট দেবেন। কাউকে জোর করে ভোট দিতে বাধ্য করা যাবে না। ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্যই দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম হয়েছে। জনগণের মতামত ও ভোটাধিকারকে সম্মান জানানোই প্রকৃত গণতন্ত্রের চর্চা।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিকদের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নগরীকে পরিচ্ছন্ন, নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আবাসিক এলাকা সমন্বয় ফোরামের সভাপতি মো. নুরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন বসুন্ধরা আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি সাদেকুর রহমান কমল।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আবাসিক এলাকার বাসিন্দা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সমন্বয় ফোরামের নতুন কমিটি গঠন ও সাংগঠনিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় অধিবেশনে অতিথিদের উপস্থিতিতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।







