
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান নগরীর ২৪ নম্বর ওয়ার্ড আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে শুরু করে টিএন্ডটি কলোনি,হাজী পাড়া, মোলভীপাড়া, চাড়িয়াপাড়া, আসকারাবাদ, মিস্ত্রিপাড়া,পানওয়ালা পাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
সাঈদ আল নোমান বলেন, ❝শ্রমজীবী ও কর্মজীবী মানুষের কর্মসংস্থান বৃদ্ধি, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ করে যাবো।শ্রমজীবী ও কর্মজীবী মানুষের ঘামেই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। অথচ আজ তারাই সবচেয়ে বেশি অবহেলিত। আমি নির্বাচিত হলে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই হবে আমার প্রধান লক্ষ্য।❞
তিনি আরও বলেন, “চট্টগ্রাম একটি শিল্প ও বন্দরনগরী হওয়ায় এখানে বিপুল সংখ্যক শ্রমিক ও কর্মজীবী মানুষের বসবাস। তাদের জন্য স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”
সাঈদ আল নোমান বলেন, “তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বেকার ভাতা ও অবসরকালীন নিরাপত্তা জোরদার করা হবে।”
নির্বাচনী প্রচারণাকালে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “একটি মানবিক, ন্যায্য ও কর্মসংস্থানমুখী চট্টগ্রাম গড়তে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবার সুযোগ দিন।”এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।






