
চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ধানের শীষ গণমানুষের আস্থার প্রতীক। ধানের শীষ গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১২ তারিখ জনগণের রায় ধানের শীষেই প্রতিফলিত হবে। সুতরাং ষড়যন্ত্র ও চক্রান্ত করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। অনেকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে, নতুন নতুন বয়ান দিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তাদের জানা উচিত- বিএনপির অবস্থান জনগণের হৃদয়ের মনিকোঠায়। সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে এবং আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই বিএনপি আজকের এই শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি বিএনপি বরাবরই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে। আগামীতেও ক্ষমতায় এলে দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধিশালী গণতন্ত্রের পথে এগিয়ে নিতে বিএনপি বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারী) বেলা ১১টায় ১৬নং চকবাজার ওয়ার্ডের টাক শাহ্ মিয়া মসজিদ লেইন, চন্দনপুরা, সিরাজউদ্দৌলা রোড, একসেস রোড এলাকায় গণসংযোগকালে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চকবাজার ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ঘুরে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের দোয়া ও সমর্থন কামনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।
তিনি আরও বলেন, আমাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য। আমরা প্রতিহিংসা নয়, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সকল মত ও পথের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমাদের আদর্শ ভিন্ন হতে পারে, মতের অমিল থাকতে পারে কিন্তু দেশ ও জনগণের স্বার্থে আমরা এক ও অভিন্ন। তাহলেই আমরা জনগণের আকাঙ্খিত সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
পথসভায় প্রধান বক্তার বক্তব্য চট্টগ্রাম-৯ আসনের চিফ কো-অর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে ভোটের মাঠে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাশ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, মো. মহসিন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান। বক্তব্য রাখেন ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, মহানগর বিএনপি নেতা সালাউদ্দিন কায়সার লাভু, শফিকুল ইসলাম, মো. বকতেয়ার, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, এম এ হালিম বাবলু, নকিব উদ্দিন ভুইয়া, জাহেদুল হক, মো. আলাউদ্দিন, সেলিম বাদশা, ওসমান গনি লিটন প্রমুখ।







