জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট হতে হবে-আবু সুফিয়ান

জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট হতে হবে-আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, যে প্রত্যাশা নিয়ে জনগণ বিএনপিকে বিপুল ভোটে জয়ী করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে- সে প্রত্যাশা পূরণে সচেষ্ট হতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তিনি যেভাবে দেশ পরিচালনার জন্য মনস্থির করেছেন, তিনি কি চাচ্ছেন, বিএনপির উপর মানুষের কি প্রত্যাশা- তা উপলব্ধি করে আমাদের কর্মপরিকল্পনা সাজাতে হবে। আমাদের কর্মকাণ্ডে ও আচরণে মানুষের যাতে কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষ যে অগণিত ভালোবাসা ও সমর্থন আমাদের দিয়েছে তা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় সে লক্ষ্যে কাজ করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতন্ত্রকে সমুন্নত রেখে তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

২০ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদ জুমা কাজীর দেউরি নাসিমন ভবন দলীয় কার্যালয় মসজিদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে চট্টগ্রাম-৯ আসন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের “শোকরানা দোয়া ও মিলাদ মাহফিলে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

তিনি আরও বলেন, বিএনপি একক কোন ব্যক্তির দল নয়। শহীদ জিয়া এই দলকে গঠন করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান পরিচর্যা ও পরিশ্রম করে নেতৃত্ব দিয়ে দলকে এই পর্যায়ে এনেছেন। তাঁরা এই দলের নেতৃত্ব দিয়েছেন কিন্তু দলের সর্বস্তরের নেতাকর্মীদের রক্ত-ঘাম ও শ্রমের বিনিময়ে বিএনপির আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি নেতাকর্মীর যে অবদান, তাদের এই অবদানকে আমরা সম্মান জানাই। আগামীতেও বিএনপি যেন মানুষের আরও কাছে যেতে পারে, আরও সমর্থন অর্জন করতে পারে- সে লক্ষ্যে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দোয়া ও মিলাদ মাহফিলে শরিক হন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম, মো. মহসিন, সাহেদ বক্স, হেলাল চৌধুরী, জাকির হোসেন, সালাউদ্দিন কায়সার লাভু, আবু তৈয়ব, ইয়াছিন চৌধুরী আছু, এম. এ হামিদ, আলী মর্তুজা খান, এমদাদুল হক বাদশা, নকিব উদ্দিন ভূইয়া, ইউনুছ চৌধুরী হাকিম, হাজী নবাব খান, গিয়াস উদ্দিন ভূইয়া, তৌহিদুস সালাম নিশাত, সাদেকুর রহমান রিপন, সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী, খন্দকার নুরুল ইসলাম, এয়াকুব চৌধুরী নাজিম, দিদারুল আলম, মো. সরোয়ার উদ্দিন, মো. আজগর, এম এ হালিম, জাহেদ আহমেদ, সাব্বির আহমেদ চৌধুরী, আলাউদ্দিন আলী নুর, খালেদ সাইফুল্লাহ, এম. এ হালিম বাবলু, শাহআলম, নুরহোসেন সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email