
চট্টগ্রামের আনোয়ারায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ঘোষণা দেন।
এমপি নিজাম বলেন, বিগত আওয়ামী সরকারের কিছু লোকজন ও আমাদের দলের নাম ভাঙিয়ে কিছু লোকজন থানা পুলিশ ম্যানেজ করে বিভিন্ন অপরাধ ও মাদককরবারি করেছে। এসব কাজ বন্ধ করতে হবে। প্রশাসনকে সজাগ থাকতে হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, ওসি জুনায়েত চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহতাব উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।







