
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, মেয়াদ বিহীন পণ্য বিক্রি ও অবৈধ ভাবে ফুটপাত দখল করার অপরাধে পাঁচ ব্যক্তিকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার নগরের আইস ফ্যাক্টরি রোড ও পূর্ব মাদারবাড়ি এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর কারখানায় ইফতার সামগ্রী তৈরি, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার করার অপরাধে আইস ফ্যাক্টরি রোডের মিন্টু বাবুর্চি ক্যাটারিং সার্ভিসকে ১০ হাজার টাকা, দুর্গন্ধময় ফ্রিজে খাবার রাখা ও মেয়াদ বিহীন পণ্য বিক্রির অপরাধে মাঝিরঘাট রোডের পানাহার বেকারিকে ৫ হাজার টাকা ও অবৈধ ভাবে ফুটপাত দখল করার অপরাধে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৬ হাজার ৫ শত জরিমানা করা হয়।







