গরিব মানুষের ত্রাণ নিয়ে কাউকে খেলাধুলা করতে দেওয়া হবে না: এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

গরিব মানুষের ত্রাণ নিয়ে কাউকে খেলাধুলা করতে দেওয়া হবে না: এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেছেন, “গরিব-দুঃখী মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী নিয়ে কোনো ধরনের অনিয়ম বা খেলাধুলা আমরা সহ্য করবো না। ত্রাণের চাল যেন প্রকৃত উপকারভোগীদের হাতে সঠিকভাবে পৌঁছে যায়—সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।”
শনিবার (১৪ মার্চ) রাউজান সরকারি কলেজ মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাউজান পৌরসভার উপকারভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাউজান পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রাহাতুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, সদস্য সচিব ফিরোজ আহম্মদ, রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূর নবী, রাউজান পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিন শার হোসেন এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম।
আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মনজুরুল হক, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, রাউজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী সুমন, বিএনপি নেতা শহীদ চৌধুরীসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও বলেন, “মানুষের কষ্টের সময় তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকার যে সহায়তা দিয়েছে তা যেন সঠিকভাবে বিতরণ হয়—সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। গরিব মানুষের অধিকার নিয়ে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় রাউজানকে একটি সুশৃঙ্খল, উন্নত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে জানানো হয়, রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৪ হাজার ৬২৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে ভিজিএফ কর্মসূচির আওতায় বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email