শিক্ষা ও শিল্পে ইয়ংওয়ানের অবদান প্রশংসনীয়: অর্থমন্ত্রী

শিক্ষা ও শিল্পে ইয়ংওয়ানের অবদান প্রশংসনীয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান কর্পোরেশন শুধু শিল্প খাতে নয়, শিক্ষা ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিষ্ঠানটির এ উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আরও বলেন, সরকার ধীরে ধীরে ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জ্বালানি তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির বৈশ্বিক বাজারে যে প্রভাব পড়েছে, তা মোকাবিলায় সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) শিক্ষার্থীদের মাঝে স্কলারশিপ প্রদান করেছে কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান কর্পোরেশন। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় কোরিয়ান ইপিজেড এলাকাস্থ ইয়ংওয়ান কর্পোরেশনের মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ সনদ তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুং।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোরিয়ান ইপিজেড-এর ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল (অব.) মোহাম্মদ শাহজাহান। এতে আরও বক্তব্য দেন সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব এবং সদস্য সৈয়দ মাহমুদুল হক।
সিআইইউর সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।
এসময় সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, কর্মকর্তা-কর্মচারী এবং ইয়ংওয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email