রিহ্যাব নির্বাচনের ফলাফল ঘোষণা

রিহ্যাব নির্বাচনের ফলাফল ঘোষণা

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে|

ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্রান্ড বলরুমে শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রার্থীদের সক্রিয় উপস্থিতি এবং ভোটারদের অংশগ্রহণ পুরো প্রক্রিয়াকে প্রাণবন্ত করে তোলে।
ভোট শেষে রাত ১টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই প্রাথমিক ফলাফল প্রকাশ করে।

ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট পদে ড. মো. আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক বিজয়ী হন।

চট্টগ্রাম থেকে রিহ্যাব এর সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। চট্টগ্রাম থেকে রিহ্যাব এর পরিচালক হিসেবে নির্বাচিত হন এ এস এম আব্দুল গাফফার মিয়াজী এবং সারিস্ত বিনতে নুর।

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ৬ জন আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন- ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ ও আশীষ রায় চৌধুরী।

রিহ্যাব এর নতুন নেতৃত্ব আবাসন খাতের সকল স্টেকহোল্ডার-ডেভেলপার, ক্রেতা, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সাথে নিয়ে আবাসন খাতের উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এর ফলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টরে দীর্ঘদিনের নীতিগত জটিলতা, উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা এবং অনুমোদন প্রক্রিয়ার ধীরগতিসহ বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান আসবে।

নতুন কমিটি চট্টগ্রামের সকল রিহ্যাব সদস্যদের সাথে নিয়ে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি, আধুনিক নগরায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email