
রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটস-এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বুধবার (২২ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্কাউট সদস্যরা প্রধানমন্ত্রীর গলায় স্কাউটের ঐতিহ্যবাহী বিশেষ রুমাল (স্কার্ফ) পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন এবং স্কাউট আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আগ্রহ প্রকাশ করেন।
পরে দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত বৈঠকে দেশের স্কাউটিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি, প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্কাউট নেতারা তরুণদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী স্কাউট আন্দোলনকে দেশের মানবসম্পদ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তিনি প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, পরিবেশ সংরক্ষণ কার্যক্রম এবং দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনাও দেন।
সাক্ষাৎ ও বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাংলাদেশ স্কাউটসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







