হাটহাজারীতে ‘সুন্দরী ছড়া’ খাল খনন কাজ পরিদর্শন করলেন মুখ্য সচিব

হাটহাজারীতে ‘সুন্দরী ছড়া’ খাল খনন কাজ পরিদর্শন করলেন মুখ্য সচিব

সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন মহাপরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারীতে ‘সুন্দরী ছড়া’ খালের খনন কাজ পুরোদমে এগিয়ে চলছে।

শুক্রবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় চলমান এই খনন কার্যক্রম পরিদর্শন করেছেন সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রতিনিধি দলটি ৫ কিলোমিটার দীর্ঘ এই খালের পুনঃখনন কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মুখ্য সচিব জানান, ২০৩০ সালের মধ্যে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে দেশের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। সুন্দরী ছড়া খালের খনন কাজ শেষ হলে স্থানীয় কৃষকরা সেচ সুবিধার পাশাপাশি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। এছাড়া এই প্রকল্পটি স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাহেদ আরমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোর্শেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, কিছুদিন আগে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এই মেগা প্রকল্পের শুভ উদ্বোধন করেছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email