
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল ইতিহাসে নতুন মাইলফলক অর্জিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-এ একদিনে সর্বোচ্চ সংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষ ও টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনায় ওই দিন ৫ হাজার ৭০৯ টিইইউএস (২০ ফুট লম্বা হিসেবে) কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। বন্দরের ইতিহাসে নিউমুরিং কনটেইনার টার্মিনালে একদিনে এটিই সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড।
এর আগে গত ১১ এপ্রিল ৫ হাজার ৪৮৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তিনি জানান, চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৬২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা বন্দরের সামগ্রিক সক্ষমতার এক বিশাল বহিঃপ্রকাশ।
তিনি বলেন, মহান মে দিবসের শুভক্ষণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন টার্মিনাল ও কর্মক্ষেত্রে কর্মরত অসংখ্য শ্রমিকের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপন করছে। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, ঘাম এবং দেশপ্রেমের ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। মে দিবসের এই ঐতিহাসিক দিনে বন্দরের নতুন রেকর্ড তাদেরই উৎসর্গ করা হয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা বলছেন, এই অর্জন দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে চট্টগ্রাম বন্দরের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। নিউমুরিং কনটেইনার টার্মিনালের এই রেকর্ড পারফরম্যান্স দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।







